
রয়টার্স
আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি সঙ্কটপূর্ণ অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং আফ্রিকার কয়েকটি এলাকায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক যৌথ রিপোর্টে এ শঙ্কার কথা জানিয়েছে। দুর্ভিক্ষের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া ও ইয়েমেন। সঙ্ঘাত, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক সঙ্কট এবং চরম আবহাওয়ার কারণে এসব অঞ্চলে খাদ্যসঙ্কট তীব্র হচ্ছে। গত জুনে প্রকাশিত রিপোর্টে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা অঞ্চলের সংখ্যা ১৩টি থাকলেও এবার তা বেড়ে ১৬টিতে দাঁড়িয়েছে। নতুন করে শাদ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকার কয়েকটি এলাকা এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চল এ তালিকায় যুক্ত হয়েছে; তবে তালিকা থেকে বাদ পড়েছে লেবানন।
২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত সময়ের পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থা দু’টি জানিয়েছে, মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় বড় ধরনের খাদ্যসঙ্কট মোকাবেলার উদ্যোগ ব্যাহত হচ্ছে। এফএওর জরুরি পরিস্থিতি ও সঙ্কট মোকাবেলাবিষয়ক দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা কনর এলিয়ট জানান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ দুই-তৃতীয়াংশ কমে গেছে। সহায়তা হ্রাস পাওয়ায় সঙ্কটের প্রকৃত চিত্র জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রিপোর্টে আরো বলা হয়, ১৬টি সঙ্কটপূর্ণ এলাকার মধ্যে ১২টিতে সশস্ত্র সঙ্ঘাত ও সহিংসতার কারণে দুর্ভিক্ষ বাড়ছে। পাশাপাশি খাদ্য, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে এল নিনোর প্রভাব। এফএও ও ডব্লিউএফপি জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী এল নিনোর কারণে দক্ষিণ আফ্রিকা ও মধ্য আমেরিকার কিছু এলাকায় খরা ও তীব্র গরম এবং পূর্ব আফ্রিকার কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। কোনো কোনো এলাকায় খরার পরপরই ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন কনর এলিয়ট। সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে, যেখানে সঙ্ঘাতের কারণে খাদ্য উৎপাদন, বাজারব্যবস্থা ও ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া সোমালিয়ার বাইদোয়া অঞ্চলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মানুষ এবং সহিংসতাকবলিত দক্ষিণ সুদানের কয়েকটি এলাকাও দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় আফগানিস্তান, হাইতি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ফিলিস্তিনের গাজাকেও রাখা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অঞ্চলটিকে উদ্বেগের সর্বোচ্চ স্তর থেকে এক ধাপ নিচে নামানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









