সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নির্ধারণ

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্র্নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার সাথে সাথে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্দিষ্ট হারে বাড়বে। তবে প্রতিটি শ্রেণীর সংবাদপত্রের জন্য সর্বোচ্চ বিজ্ঞাপন মূল্যসীমাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ছয় হাজার থেকে সাত হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা সাত হাজার এক থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে সাত টাকা করে বিজ্ঞাপনের হার বাড়বে। ৩০ হাজার এক থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার ক্ষেত্রে প্রতি হাজারে ছয় টাকা এবং ৫০ হাজার এক থেকে ৯০ হাজারের ক্ষেত্রে প্রতি হাজারে পাঁচ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার এক বা তার বেশি হলে প্রতি হাজারে চার টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণীর সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে এক হাজার ১০০ টাকা।
অন্যান্য বিভাগীয় শহরের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা চার হাজার থেকে পাঁচ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।
প্রচার সংখ্যা পাঁচ হাজার এক থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ছয় টাকা, ৩০ হাজার এক থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে পাঁচ টাকা এবং ৫০ হাজার এক বা তার বেশি হলে প্রতি হাজারে চার টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণীর সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
জেলা শহর ও অন্যান্য অঞ্চলের সংবাদপত্র
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা তিন হাজার থেকে চার হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।
প্রচার সংখ্যা চার হাজার এক থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ছয় টাকা এবং ৩০ হাজার এক বা তার বেশি হলে প্রতি হাজারে পাঁচ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণীর সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
পরিপত্রে আরো বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্র্নির্ধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত এসব পত্রিকা ও সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন মূল্যহার নির্ধারণ করেছে সরকার।