প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন : ঢাকাকে টিউনিং করতে পারছে না দিল্লি

রাশিদুল ইসলাম

Advertisement

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকা অনড় থাকলেও ‘আইনি পথ’ ছাড়া কিছু বলছে না দিল্লি। তবে আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে যে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তা অপ্রকাশিত রাখছে। ভারতীয় গণমাধ্যম ও দেশটির জ্যেষ্ঠ সাংবাদিকরা খোলামেলাভাবেই বলছেন, হাসিনাকে দেশে ফেরাতে নয়াদিল্লির চাপ ঢাকা উপেক্ষা করলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে; এমনকি গৃহযুদ্ধের আশঙ্কার কথাও বলা হচ্ছে। এ ধরনের বক্তব্যের সাথে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন দেশ থেকে দেয়া হুমকি ও উসকানিমূলক বক্তব্যের যথেষ্ট মিল পাওয়া যাচ্ছে।
গত বৃহস্পতিবার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দুই শীর্ষ কূটনীতিকের বৈঠকের পরদিনই তার বাংলাদেশে আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ঢাকা-দিল্লি কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে বাংলাদেশে চরম অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। কিন্তু জুলাই আন্দোলনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটেছে, ভারত তা মেনে নিতে পারছে না এবং ঢাকার বাস্তবতাকে উপলব্ধি করতে চাচ্ছে না। এদিকে ভারতে পলাতক সাবেক মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ঢাকায় ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেই হাসিনাকে ফিরিয়ে নেয়ার চাপ তৈরি করা হবে।
অতীতে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, এবারো করব : সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী নয়া দিগন্তকে বলেন, বিষয়টি কনস্যুলার পর্যায়ে রাখাই শ্রেয় ছিল, নীতিনির্ধারক পর্যায়ে আনা ঠিক হয়নি। গণমাধ্যমের বাইরে নিভৃত আলোচনার মাধ্যমে এর সমাধান খোঁজা উচিত, কারণ বিষয়টি বহুমাত্রিকভাবে স্পর্শকাতর। আইনি প্রক্রিয়ার পাশাপাশি দেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। অস্থিরতা তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানসহ বিভিন্ন দেশে সফরে গিয়ে জাতীয় স্বার্থে যেসব উদ্যোগ নিচ্ছেন, তা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। উভয় দেশ আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হলে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বড় দেশ হিসেবে নিশ্চয়ই উপলব্ধি করবে যে আঞ্চলিক শান্তি বিঘিœত হওয়া তাদের জন্যও সুখকর নয়। পারস্পরিক ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই এ সঙ্কটের সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি : প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী শারমিন চৌধুরীর ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলেও তার প্রত্যাবর্তনের বিষয়টি দেখছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দফতর। তার মতে, বাংলাদেশের সেনাবাহিনীই ভরসা করে তাকে ভারতে পাঠিয়েছিল, তিনি পালিয়ে আসেননি। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সাথে অজিত দোভালের দফতরের যোগাযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার প্রয়োজন নেই। সঙ্ঘাত ও প্রাণহানি এড়াতে হাসিনার দেশে ফেরার একটি সমাধানসূত্র বের করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, ইউটিউব চ্যানেল ‘ক্যালকাটা ডায়ালগ’-এ ভারতীয় সাংবাদিক মনোজ দাস বলেন, ঢাকার টুয়েজডে ক্লাবের সাথে হাসিনার একটি ভার্চুয়াল সভা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে জাপান ও ভারত একমত। অস্ট্রেলিয়াসহ আরো কয়েকটি দেশও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও হাসিনার প্রত্যাবর্তন চায়। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও ঢাকায় তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মনোজ দাসের মতে, ডিসেম্বরের মধ্যে হাসিনা দেশে ফিরলে গৃহযুদ্ধের বাস্তব আশঙ্কা রয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে পুলিশ তা সামাল দিতে পারবে না- যা দেখে পশ্চিমা শক্তিগুলো নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের আইনি ভিত্তি : দ্বৈত অপরাধযোগ্যতা (অনুচ্ছেদ ২): উভয় দেশের আইনে অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ হলেই তা প্রত্যর্পণযোগ্য। হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ফলে এই শর্ত সহজেই পূরণ হয়।
প্রমাণের বাধ্যবাধকতা হ্রাস (অনুচ্ছেদ ১০(৩), ২০১৬ সংশোধনী) : সংশোধিত চুক্তি অনুযায়ী, প্রাথমিক প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। এখন উপযুক্ত আদালতের গ্রেফতারি পরোয়ানাই প্রত্যর্পণপ্রক্রিয়া শুরুর জন্য যথেষ্ট।
 বিদ্যমান দণ্ড কার্যকর করা (অনুচ্ছেদ ১০(৪)): যেহেতু শেখ হাসিনা ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন, তাই বাংলাদেশকে রায়ের সত্যায়িত অনুলিপি এবং দণ্ডটি আইনত কার্যকরযোগ্য মর্মে ঘোষণা জমা দিতে হবে।
প্রত্যর্পণ প্রত্যাখ্যানে ভারতের আইনি যুক্তি : রাজনৈতিক চরিত্রের অপরাধ (অনুচ্ছেদ ৬(২) ও ৮(১)(ক)): গুরুতর সহিংস অপরাধ যেমন হত্যা বা গণহত্যা ‘রাজনৈতিক অপরাধ’-এর সুরক্ষা পায় না। তবে অনুচ্ছেদ ৮(১)(ক) অনুযায়ী, অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র যদি মনে করে যে অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে সদিচ্ছা নিয়ে আনা হয়নি বা হস্তান্তর ‘নিপীড়নমূলক’ হবে, তবে তারা তা প্রত্যাখ্যান করতে পারে। নয়াদিল্লির যুক্তি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে হওয়া বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজ দেশে বিচারের এখতিয়ার (অনুচ্ছেদ ৭): ‘অট ডেডেরি অট জুডিকারি’ নীতি অনুযায়ী ভারত চাইলে অপরাধীকে হস্তান্তর না করে নিজ দেশের আদালতে বিচার করার সিদ্ধান্ত নিতে পারে।
ভারতের প্রত্যর্পণ আইন (১৯৬২)-এর ২৯ ধারা: এই ধারা অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা সদিচ্ছাহীন মনে হলে ভারতের কেন্দ্রীয় সরকার জনস্বার্থে বা ন্যায়বিচারের খাতিরে প্রক্রিয়াটি একতরফাভাবে স্থগিত বা বাতিল করতে পারে।
পদ্ধতিগত জটিলতা ও পিটার হাসের ঢাকা সফর : চুক্তির অনুচ্ছেদ ১৩ ও ১০(৫) অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নথিপত্র যাচাই ও অতিরিক্ত আইনি তথ্যের অজুহাতে প্রক্রিয়াটি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে পারে। এদিকে গত নভেম্বরে হাসিনার আইনি দল বাংলাদেশের নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হওয়ার কারণে ঢাকা তা নাকচ করে দেয় এবং জানায় যে ২০১৩ সালের চুক্তির আওতায় প্রত্যর্পণ প্রক্রিয়াই কার্যকর রয়েছে।
এরই মধ্যে গত ১২ নভেম্বর ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের পর ১৩ নভেম্বর রাতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস। ১৯ নভেম্বর পর্যন্ত তার ঢাকায় অবস্থানের কথা থাকলেও সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ : আল জাজিরার ‘ইনসাইড স্টোরি’ প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, হাসিনার ফিরে আসার ঘোষণাটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উজ্জীবিত করা, নেতৃত্বের দ্বন্দ্ব থামানো এবং নিজেকে নির্বাসিত নেতার বদলে মুখোমুখি হওয়ার মতো সাহসী নেতা হিসেবে তুলে ধরার একটি কৌশল। তবে এটি রাজনৈতিক মেরুকরণ ও নিরাপত্তা সঙ্কট বাড়াবে। জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কুমার পাণ্ডে মনে করেন, নয়াদিল্লিতে হাসিনার অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কে কূটনৈতিক বাধা তৈরি করেছে, তাই আইনি জটিলতায় না থেকে রাজনৈতিক সমাধান খোঁজা জরুরি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার আইনজীবী তকদীর হুদা বলেন, হাসিনার মৃত্যুদণ্ড উভয় দেশের জন্যই আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্কট তৈরি করতে পারে এবং তার প্রত্যাবর্তন বাংলাদেশের জনশৃঙ্খলার জন্য অস্তিত্বের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের ওপর নির্ভরশীলতা ও বর্তমান রাজনীতি : চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে চিন্তাবিদ সলিমুল্লাহ খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ দেশের ভেতরে প্রতিরোধ গড়তে না পেরে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যার ধারাবাহিকতায় ২০২৪ সালে তাদের পতন ঘটে। এখন শেখ হাসিনা আবার ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের মানুষের আত্মমর্যাদাবোধ থাকলে তিনি অর্থ বা পার্শ্ববর্তী দেশের সমর্থনে ফিরে এলেও আর কখনো আগের মতো স্বৈরাচার প্রতিষ্ঠা করতে পারবেন না। তবে বর্তমান সরকারের নানা ভুল পদক্ষেপ ও বিপ্লব-পরবর্তী জাতীয় ঐক্য সরকার গঠনে ব্যর্থতার কারণে সামনের দিনগুলোতে রাজনীতি আরো জটিল হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।