আলাস্কায় ২৮ বছরের মধ্যে প্রথম ডেমোক্র্যাট গভর্নর

এপি ও এনবিসি নিউজ
ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিন্স যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য সরকার ও মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ধারাবাহিক জয়ের ধারায় সর্বশেষ সংযোজন এটি।
ক্রেইস-টমকিন্স (৩৭) আলাস্কা অঙ্গরাজ্যের একজন সাবেক আইনপ্রণেতা। তিনি তিনজন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন। আলাস্কায় ১৯৯৮ সালের পর থেকে এই প্রথম একজন ডেমোক্র্যাট নেতা গভর্নর নির্বাচিত হলেন।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর বাছাইয়ে ভোটাভুটি হয়। আলাস্কায় ক্রেইস-টমকিন্সের এই সাফল্যসহ ২৪টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টি ডেমোক্র্যাট গভর্নরদের অধীনে থাকবে। ক্রেইস-টমকিন্স জীবনযাত্রার ব্যয় হ্রাস, সরকারি বিদ্যালয়গুলোর জন্য পূর্ণাঙ্গ অর্থায়ন এবং ডাটা সেন্টার নির্মাণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে সফল হয়েছেন। আলাস্কায় রিপাবলিকান দলের মার্কিন সেনেটর লিসা মুরকোস্কি ক্রেইস-টমকিন্সকে সমর্থন দিয়েছিলেন। মুরকোস্কি নিজের দলের হাতেগোনা কয়েকজন নেতার একজন যারা কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে পিছপা হননি।

Advertisement