
আলজাজিরা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভে নেমেছেন লক্ষাধিক মানুষ। ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন এবং বিভিন্ন যুব সংগঠনের আয়োজনে শনিবার দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগের কয়েক সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম ছিল। বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন এক লাখ ছয় হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ২৪ হাজার। গত সপ্তাহে দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, শনিবারের বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় দুই লাখ মানুষ। তাদের মধ্যে রাজধানী প্যারিসেই ছিলেন প্রায় এক লাখ।
শনিবার বিক্ষোভের সময় গ্রেফতারের সংখ্যাও আগের বড় সমাবেশগুলোর তুলনায় কম ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ২১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্যারিসে গ্রেফতার হয়েছেন ৪৫ জন। এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সে উচ্চবিদ্যালয় অবরোধ, গণবিক্ষোভ ও ধর্মঘট চলছে। শিক্ষার মানের অবনতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেয়া অনেকের হাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনাসংবলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।
গত কয়েক সপ্তাহের কিছু বিক্ষোভে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবরের প্রথম বড় বিক্ষোভে কয়েকটি শহরে লুটপাটের ঘটনাও ঘটে। এর পর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি গণপরিবহন চলাচল এবং বিক্ষোভের অনুমতি দেয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণও জোরদার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








