
১৯৮৬ সালে লেবাননে বোমা হামলার সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া এক ইসরাইলি পাইলটের দশকের পর দশক ধরে চলা সন্ধানে ইসরাইল দুই ইরানি কর্মকর্তাকে অপহরণ করেছে এবং তাদের একজনকে হত্যা করেছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯৮৬ সালে লেবাননের গ্রামগুলোতে বোমা হামলা চালানোর সময় ইসরাইলি পাইলট রন আরাদের একটি ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দেয়, যার ফলে তিনি যুদ্ধবিমান থেকে প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে (ইজেক্ট করতে) বাধ্য হন।
সেই থেকে আরাদের ভাগ্যে কী ঘটেছিল তা খুঁজে বের করতে ইসরাইল এক নিরন্তর অভিযানে নামে, যার পথ ধরে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের এক দীর্ঘ চিহ্ন রেখে গেছে দেশটি। এই অভিযানের জেরে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আরাদের এই সন্ধানের মূলে রয়েছে নিজেদের সৈন্যদের ইসরাইলে ফিরিয়ে আনার ‘ইহুদি ঐতিহ্য’।
২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি এই অভিযানের প্রথম দিকের শিকারদের একজন হন।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম স্কয়ারের কাছে ‘সিলান হোটেল’-এ ওঠেন। এর কিছুক্ষণ পরই মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে বলে এনওয়াইটি-র প্রতিবেদনে জানানো হয়েছে।
এর কয়েক বছর পর ইরান আসগারির অবস্থান সম্পর্কে তথ্য জানতে চাইলে ইসরাইলি কর্মকর্তারা তাদের মার্কিন সমকক্ষদের জানান, আরাদ সম্পর্কে তার কাছে তথ্য আছে- এমন ভুল ধারণার বশবর্তী হয়ে তারা আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করেছিলেন।
ইসরাইলি গোয়েন্দা সংস্থাটি পরে এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসগারি ওই ইসরাইলি পাইলট সম্পর্কে কিছুই জানতেন না। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা আসগারিকে হত্যা করে এবং তার লাশ কৃষ্ণ সাগরে (ব্ল্যাক সি) ফেলে দেয়।
ওই সময় মেইর দাগান মোসাদের প্রধান ছিলেন। কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্তের জন্য সম্ভবত ইসরাইলি প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন ছিল। ২০০৭ সালে এহুদ ওলমার্ট সেই পদে আসীন ছিলেন।
ইরানি কর্মকর্তারা আসগারির নিখোঁজ হওয়ার বিষয়ে নিজস্ব তদন্ত চালিয়ে দেখতে পান যে ইসরাইলি এজেন্টরা ইস্তাম্বুলে তার হোটেল কক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করেছিল এবং ওষুধ প্রয়োগ করে অচেতন অবস্থায় তাকে অপহরণ করেছিল। তদন্তকারীরা কৃষ্ণ সাগরের কাছ থেকে ওই অভিযানে ব্যবহৃত গাড়িটিও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
আরাদের নিখোঁজ হওয়ার সাথে ইরানের কোনো যোগসূত্রের প্রমাণ না থাকা সত্ত্বেও ইসরাইল ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণে বের হওয়া আইআরজিসি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে।
মোসাদের সদস্যরা সাবেরিকে একটি রেফ্রিজারেটরের বাক্সে ভরে মালবাহী ভ্যানে তুলে নিয়ে যায়। নির্যাতনসহ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অপহরণের পেছনে কারা রয়েছে তা গোপন রাখার চেষ্টায় ইসরাইলিরা সাবেরিকে জীবিত অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেলে রেখে আসে। সাবেরিও আরাদ সম্পর্কে কিছুই জানতেন না।
এনওয়াইটি’র প্রতিবেদন অনুযায়ী, পরে হিজবুল্লাহ ও ইরানের এক যৌথ তদন্তে উঠে আসে যে বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের ‘নবী চিত’ গ্রামে সম্ভবত আরাদের মৃত্যু হয়েছিল। তদন্তকারীদের বিশ্বাস ছিল, অপহরণকারীরা তাকে সেখানে আটকে রেখেছিল এবং পরে ওই গ্রামেই দাফন করে। তবে ইসরাইলি কর্মকর্তারা বরাবরই এই তত্ত্বে আচ্ছন্ন ছিলেন যে আরাদের ভাগ্যে কী ঘটেছে তা ইরান জানে।
২০২৫ সালের ডিসেম্বরে ইসরাইল লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে। এনওয়াইটি’র মতে, তিনি একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দেয়ার কথা ভেবে বাড়ি থেকে বের হয়েছিলেন। লেবাননের কর্মকর্তাদের বিশ্বাস, ইসরাইলি এজেন্টরাই তাকে অপহরণ করেছে। এরপর থেকে শুকরকে আর জীবিত দেখা যায়নি এবং তার অবস্থানও অজানা।
ইসরাইলি কর্মকর্তারা এখন বিশ্বাস করেন যে ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে শুকর আরাদকে হত্যা করেছিলেন। তবে ইসরাইলের এই তত্ত্বের সপক্ষে কোনো প্রমাণ নেই।
চলতি বছরের শুরুর দিকে ৬ ও ৭ মার্চ ইসরাইলি বাহিনী নবী চিত গ্রামে ৪০টিরও বেশি হামলা চালায়; তাদের ধারণা ছিল গ্রামের একটি কবরস্থানে আরাদকে সমাহিত করা হয়েছে। ওই ইসরাইলি হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন, কিন্তু আরাদের লাশ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লেবাননজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৪৩৫৮ জন নিহত হয়েছেন।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








