
যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে ইরান আরো কঠোর অবস্থান নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সতর্কবার্তা দেয়া হয়েছে যে, তাদের পরিমার্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটেনের ‘আরএএফ ফেয়ারফোর্ড’সহ ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এমন সময়ে এই হুঁশিয়ারি এলো, যখন ইরান-সমর্থিত সন্দেহভাজন ড্রোন হামলার ছক, অগ্নিসংযোগ এবং সাইবার নাশকতার ঘটনাগুলো সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে।
ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলো বর্তমানে এমন এক ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করছে, যার সাথে পশ্চিমা তদন্তকারীরা তেহরান ও এর মিত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন। ফলে প্রশ্ন উঠছে—মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধ কি ক্রমশ ইউরোপেও ছড়িয়ে পড়ছে?
শনিবার এক সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইরানের বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বোমারু বিমানগুলো এ ঘাঁটিটি ব্যবহার করেছিল।
প্রতিবেদনে ঘোষণা করা হয়, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা তারা যা দেখেছে কেবল তার মধ্যেই সীমাবদ্ধ নয়।’ এতে দাবি করা হয়, ‘খোররামশাহর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কিছু পরিবর্তন এনে এর পাল্লা নাটকীয়ভাবে বাড়ানো সম্ভব।
২০২৩ সালে উন্মোচিত ‘খোররামশাহর-৪’ ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করে ২০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম বলে দাবি করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইঙ্গিত দিয়েছে যে ওয়ারহেডের ওজন কমানো হলে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক গুণ বাড়তে পারে। তবে ব্রিটেনে আঘাত হানার মতো পরিমার্জিত কোনো সংস্করণ ইরানের কাছে সত্যিই আছে কি না, সে বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
গত ৩১ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক নির্দেশনার পর এই সম্প্রচার করা হলো। ওই নির্দেশনায় তিনি যুক্তরাষ্ট্র বা ইসরাইলি হামলার জবাবে ভৌগোলিক সীমারেখা ছাড়াই পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে ইরানের সশস্ত্র বাহিনীকে আদেশ দিয়েছিলেন।
এরপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর দেশটির দীর্ঘদিনের স্ব-আরোপিত ২০০০ কিলোমিটারের সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে। তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র আসলেই তৈরি বা মোতায়েন করা হয়েছে কি না, তা ওই ঘোষণায় স্পষ্ট করা হয়নি।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইও চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন আবার হামলা শুরু করলে ইউরোপের মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ক্রমবর্ধমান এই সুস্পষ্ট হুমকিগুলো তেহরানের বার্তায় এক বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা তাদের সতর্কবার্তার ভৌগোলিক পরিধিকে পারস্য উপসাগর ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূরে নিয়ে গেছে।
ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেয়া
ক্ষেপণাস্ত্রের এই হুমকির পাশাপাশি ব্রিটেনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে কথিত ইরান-সমর্থিত অভিযান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত মার্কিন কর্মকর্তাদের মতে, গোয়েন্দা সংস্থাগুলো ইরান-সমর্থিত সন্দেহভাজন ড্রোন হামলার একটি ছক শনাক্ত করার পর পূর্ব ইংল্যান্ডের ‘আরএএফ মিলডেনহল’ ঘাঁটি থেকে প্রায় এক ডজন মার্কিন সামরিক বিমান সরিয়ে নেয়া হয়েছে। ঘাঁটিটি ইউরোপে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহ এবং বিশেষ অভিযানের একটি প্রধান কেন্দ্র।
এর আগে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতেও হামলার একটি সন্দেহভাজন ছক ধরা পড়েছিল, যে ঘটনায় গত সেপ্টেম্বরে ব্রিটিশ পুলিশ তিনটি ভ্যানে ভ্রমণরত পাঁচ ব্যক্তিকে আটক করে। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ওই ব্যক্তিরা দাহ্য পদার্থ ব্যবহার করে ঘাঁটিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে ঘাঁটিতে পৌঁছানোর আগেই সন্দেহভাজনদের থামিয়ে দেয়া হয়। ইরান অবশ্য ফেয়ারফোর্ড ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
নিউইয়র্কে প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন সদস্য, একজন ইরাকি অপরাধী মধ্যস্থতাকারী এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’র এক জ্যেষ্ঠ কমান্ডারের সমন্বয়ে গঠিত কথিত একটি নেটওয়ার্কের বিস্তারিত তথ্য উঠে এসেছে। মার্কিন কৌঁসুলিদের মতে, ব্রুকলিনে আটক কাতাইব হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি বিদেশে অবস্থানরত সহযোগীদের মাধ্যমে হামলার সমন্বয় করতে সহায়তা করেছিলেন।
তদন্তকারীদের অভিযোগ, ইউরোপে ইহুদি প্রতিষ্ঠান ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ওই নেটওয়ার্কটি স্থানীয় লোকজনকে নিয়োগ দিয়েছিল। একটি ঘটনায় দেখা গেছে, লন্ডনের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) আগুন দেয়ার চেষ্টার সময় এক কিশোর ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা নিচ্ছিল। এ ছাড়া লন্ডনের একটি স্বেচ্ছাসেবী জরুরি সেবাদানকারী সংস্থার চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়াসহ ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার সাথেও এই কথিত নেটওয়ার্কের যোগসূত্র পাওয়া গেছে। এই অভিযোগগুলো স্পষ্ট করে যে, সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়েও স্থানীয়দের ব্যবহার করে তুলনামূলক কম খরচের হামলার মাধ্যমে কীভাবে পশ্চিমা স্বার্থকে হুমকির মুখে ফেলা যায়।
একই সময়ে ইউরোপীয় কর্তৃপক্ষ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করা বিভিন্ন সাইবার হামলার তদন্ত করছে। জানা গেছে, গত অক্টোবরে ফ্রান্সের সুপারমার্কেটগুলোর হিমাগার (রেফ্রিজারেশন) ব্যবস্থায় সাইবার আক্রমণের ফলে কয়েক মিলিয়ন ডলারের খাদ্যদ্রব্য নষ্ট হয়েছে। পরে ইউরোপের আরো কয়েকটি দেশের খুচরা বিক্রেতারাও একই ধরনের ঘটনার শিকার হন। ফ্রান্সের ব্লাড ব্যাংকগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিজেদের ভূখণ্ডে হিমাগার ব্যবস্থায় আক্রমণের জন্য ফ্রান্স সরাসরি ইরানকে অভিযুক্ত করে একে একটি ‘বৃহৎ পরিসরের নাশকতামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। তবে ইউরোপজুড়ে ঘটা প্রতিটি নিরাপত্তা ঘটনার জন্য তেহরানকে দায়ী করা হয়নি এবং বেশ কিছু বিপর্যয়ের পেছনে কাদের হাত রয়েছে তা এখনো অনিশ্চিত।
ইউরোপ কি আরেকটি রণাঙ্গনে পরিণত হচ্ছে?
এই ঘটনাপ্রবাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের ঘোষণার সাথে এক তীব্র বৈপরীত্য তৈরি করেছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত বিশ্বকে আরো নিরাপদ করেছে। ভেটেরানস ডে-র ভাষণে ট্রাম্প বলেছিলেন, ‘এই সংঘাত যখন শেষ হবে আর তা খুব শিগগিরই শেষ হবে, তখন পুরো বিশ্ব আরো অনেক নিরাপদ, উন্নত এবং শান্তিপূর্ণ জায়গায় পরিণত হবে।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ এড়িয়ে চলার চেষ্টা করা সত্ত্বেও ইউরোপীয় সরকারগুলো নিজেরাই লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ক্রমবর্ধমান উদ্বেগের মুখে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের সাথে ইউরোপীয় সহযোগিতার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাচ্ছে তেহরান।
ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘ইরান ইউরোপীয়দের কাছে অত্যন্ত স্পষ্ট সঙ্কেত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি পুনরায় যুদ্ধ শুরু করে, তবে পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তুর তালিকায় ইউরোপও অন্তর্ভুক্ত হবে।’
নিরাপত্তাহীনতার বৃহত্তর পরিবেশ
কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে থাকার মধ্যেই এই ক্রমবর্ধমান সতর্কবার্তাগুলো আসছে। আলোচনা পুনরায় শুরুর আগে তেহরান ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে।
ইউরোপজুড়ে বেনামী বোমা হামলার অভূতপূর্ব ঢেউ নিরাপত্তাহীনতার এই বৃহত্তর পরিবেশকে আরো জটিল করে তুলেছে। বৃহস্পতিবার ৫০টিরও বেশি ফ্লাইট এবং হাজার হাজার স্কুল এতে প্রভাবিত হয়েছে এবং ইতালির শত শত স্কুল খালি করে দেয়া হয়েছে। তবে এর পেছনে কারা দায়ী তা তদন্তকারীরা এখনো বের করতে পারেননি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রমাণ ছাড়া কোনো বিদেশী শক্তিকে দোষারোপ করার বিষয়ে সতর্ক করেছেন।
এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সাথে কোনো সমঝোতা চুক্তির প্রয়োজন ওয়াশিংটনের আর নেই। সুস্পষ্ট ক্ষেপণাস্ত্র হুমকি, কথিত গোপন হামলা এবং সাইবার নাশকতার এই সম্মিলন এক উদ্বেগজনক আশঙ্কার জন্ম দিচ্ছে, নতুন করে বড় কোনো সামরিক অভিযান শুরু না হলেও ইউরোপ ক্রমবর্ধমান চাপের মুখে পড়তে পারে।
এখন মূল প্রশ্ন হলো- ইরানের এই ক্রমবর্ধমান হুমকিগুলো কি মূলত আরেকটি মার্কিন হামলা ঠেকানোর কৌশল, নাকি এই সংঘাতে ইউরোপকে আরেকটি রণাঙ্গনে পরিণত করার প্রস্তুতিরই ইঙ্গিত?
সূত্র : দি নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








