
এএফপি
সামরিক সহযোগিতা দ্রুত বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে রোববার এ চুক্তি সই করা হয়।
দুই দেশের মধ্যে কয়েক দশক আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক হালনাগাদ করে নতুন এ চুক্তি করা হয়েছে। ম্যানিলায় দুই দেশের নেতাদের বৈঠকের ফাঁকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ টহল এবং স্থলভিত্তিক সামরিক মহড়াও এর অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ নৌসীমা নিয়ে কয়েক বছর ধরে চীনের সাথে বিরোধ ও উত্তেজনার মধ্যে রয়েছে। চীন গুরুত্বপূর্ণ এই সমুদ্রাঞ্চলের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে। তবে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে চীনের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার চুক্তি স্বাক্ষরের পর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের কার্যক্রম আরো দ্রুত ও গতিশীল হবে। দুই দেশের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়াও সহজ হবে।’ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখতিয়ারভুক্ত এলাকায় বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা আরো জোরদার করবে এই চুক্তি।’
তেওদোরো জানান, হালনাগাদ চুক্তির ফলে ফিলিপাইনের সেনারা অস্ট্রেলিয়ার সামরিক সরঞ্জাম ও অস্ত্র সম্পর্কে আরো ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এতে দুই দেশের যৌথ সামরিক প্রশিক্ষণের প্রক্রিয়াও সহজ হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








