দেশে খুন-ধর্ষণ রোধে কঠোর ব্যবস্থার তাগিদ মামুনুল হকের

 নিজস্ব প্রতিবেদক
দেশে হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ নিত্যদিনের নানা অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একইসাথে রিয়াদ বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি মধ্যপ্রাচ্যে ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন।
গতকাল রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, সম্প্রতি দেশের নানা প্রান্তে হত্যা, ধর্ষণ, ছিনতাই ও হামলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের জন্ম দিচ্ছে। প্রতিটি অপরাধের নিরপেক্ষ তদন্ত করে মূল অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করানো এখন সময়ের দাবি। জনগণের জানমালের সুরক্ষায় রাষ্ট্রকে কোনো ছাড় দিলে চলবে না।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপ নিয়ে তিনি বলেন, অঞ্চলের শান্তি বিনষ্টের পেছনে প্রধান শত্রু ইসরাইল। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শক্তিশালী করে- এমন যেকোনো সিদ্ধান্ত থেকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সরে আসতে হবে। রিয়াদ বিমানবন্দরে হামলার প্রসঙ্গ টেনে তিনি বেসামরিক মানুষ ও ওমরাহ পালনকারীদের জীবন রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement