গ্রেফতার
নড়াইলে ৪ অনলাইন প্রতারক ও জুয়াড়ি গ্রেফতার। নয়া দিগন্ত
ads

নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে একটি ল্যাপটপ, দুটি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।

এরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদরের কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।

গ্রেফতারকৃতরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক শপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এক থেকে দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি।

ডিবি পুলিশের ওসি মো: আলাউদ্দীন আরো জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম জব্দ তালিকা করা হয়েছে। এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহার করত গ্রেফতারকৃতরা।