
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং সেই দক্ষতা-মেধা যখন যুবকরা কাজে লাগাবে, তখনই দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে। আমাদের সম্ভাবনাময় এ যুব শক্তিই এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। শুধু চাকুরির পেছনে দৌড়ানো নয়, বরং তরুণ উদ্যোক্তারাই নতুন নতুন কর্মসংস্থান তৈরি করবে।’
রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জের জাতীয় যুব দিবসের কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








