
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দেশের মধ্যে এখনো অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী নেমেছে। তাই আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘একটি নির্বাচিত স্থায়ী সরকার যদি দেশে না থাকে, তবে তার দ্বারা জাতির জন্য কোনো কিছু করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে এই ৫ বছরে একটি সুন্দর, সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গঠন করে আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’
সোমবার (১ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে লৌহজং উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো: জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইউসুফ ভূঁইয়া।
পদ্মা নদীতে অবৈধ কাটিং ড্রেজারের বিরুদ্ধে ফের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি এর আগেও একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম পদ্মা নদীর লৌহজং ও টঙ্গীবাড়ী অংশ থেকে যদি কোনো মাটি কাটার ড্রেজার (কাটিং ড্রেজার) ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। তবে আমি আজ আবারো ঘোষণা করলাম, পদ্মা নদীর লৌহজং ও টঙ্গীবাড়ী অংশে যদি কোনো মাটি কাটার ড্রেজার কেউ ধরিয়ে দিতে পারেন, তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আরো বলেন, ‘১৫ মাইল দূরে অবস্থান করা সেই আগের বিক্রমপুর আর নেই। কাটিং ড্রেজার দিয়ে যদি নদীতে মাটি কাটা হয়, তাহলে বিক্রমপুরের অস্তিত্ব, জনপদ আর থাকবে না।’ তাই বিক্রমপুরের অস্তিত্ব রক্ষায় পদ্মায় এই বালুখেকোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিক্রমপুরকে বাঁচানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজ, কমিশন বাণিজ্য, অপরাধী এখানে থাকবে না। কোনো অপরাধের জন্ম আমরা হতে দেবো না। এখানে কোনো প্রকার অনিয়ম-অপরাধ হলে প্রশাসনকে অবহিত করবেন।’
তিনি আরো বলেন, ‘যুবকরা এদেশের মূল্যবান সম্পদ। যুবকরা তাদের মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে এদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারবে। তাই এ যুবসমাজ যাতে কোনোভাবে বেকার ও মাদকাসক্ত না হয়ে পড়ে, সেদিকেও অভিভাবকসহ এলাকার সকলের সঠিক নজরদারি ও সচেতন হতে হবে। যাদের ঘরে মাদকাসক্ত সন্তান রয়েছে, তারা যদি মাদকের ভয়াবহ ছোবল থেকে ফিরে না আসে তাহলে আপনারা সেই মাদকাসক্ত সন্তানকে আইনের হাতে তুলে দেবেন। আপনি, আপনার পরিবারকে বাঁচাতে ও সমাজকে রক্ষা করতে এটি করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহম্মেদ ও ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মুক্তার হোসেন খান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








