চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান অধিকারী তামযীদ তাহসীন রেজা (তামাম)
চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান অধিকারী তামযীদ তাহসীন রেজা (তামাম)। নয়া দিগন্ত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে তামযীদ তাহসীন রেজা (তামাম)। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এই মেধাবী সন্তান মোট ১২২২ নম্বর পেয়েছে।

Advertisement

জানা গেছে, তামামের বাবা চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। বাবার কর্মস্থলের সুবাদে চুয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থী তামাম। 

বাংলায় ১৭৫, ইংরেজিতে ১৭৩, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিতে ৯৬, পদার্থ বিজ্ঞানে ১৯৭, জীববিজ্ঞানে ১৯৪, রসায়নে ১৯৩, উচ্চতর গণিতে ১৯৪ নম্বর পেয়েছে তামাম।

এই সাফল্যের জন্য মহান আল্লাহর রহমত ও নিজের প্রচেষ্টার কথা উল্লেখ করে তামাম জানায়, বাবা-মায়ের ত্যাগ ও দোয়ার পাশাপাশি শিক্ষকদের অবদানে আমি এতদূর আসতে পেরেছি। দিনে যতটা সময় পড়তাম, মনযোগ দিয়েই পড়তাম।
ছয়-সাত ঘণ্টার বেশি সময় ধরে পড়তাম। এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং করছি। ইঞ্জিনিয়ার হতে চাই।

এর আগে এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল তামাম। মোট নম্বর ছিল ১২৪৭। পড়ালেখার পাশাপাশি আবৃত্তি, আঁকাআঁকি, গ্রাফিক্স ডিজাইনিংয়ে সময় কাটায় সে।

মা শামসুন্নাহার বেগম শেফালি বলেন, ছেলের ওপর কখনো কিছুই চাপিয়ে দেইনি। মনের আনন্দে পড়ালেখা করেছে। পরীক্ষা দিয়ে আসার পর কখনো প্রশ্নের উত্তর নিয়ে আবার মৌখিক পরীক্ষা নেইনি।