কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার
গৃহবধূকে হত্যার অভিযোগে এসআরবি-১৩-এর অভিযানে গ্রেফতার আসামি দুলাল। নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো: দুলাল (৩৫) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে এবং তিনি মামলার ৩ নম্বর আসামি।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকার আলমগীরের সাথে নাসরিন জাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে মেয়ের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেয়া হবে, সে বিষয়ে বাবাকে ফোন করে জানান নাসরিন। তখন তাঁর বাবা নূর ইসলাম ধান কেটে টাকা পরিশোধের কথা জানান। এর পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর সংবাদ পান তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্বামীর বাড়িতে গিয়ে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা নূর ইসলাম গত ২৯ অক্টোবর উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুরে অভিযান চালিয়ে মামলার তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।