
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিলেট বিভাগেই মারা গেছেন তিনজন। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৭৩ জন। এর মধ্যে এক হাজার ১৮০ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০২ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১৫ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ৫৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ পাঁচ হাজার ২৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২২ হাজার ৪২১ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ২৭ হাজার ৪৪৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮২ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৪৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৩, চট্টগ্রামে ১০৪, বরিশালে ৮১, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেটে আরো ২ জনের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। সর্বশেষ শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








