দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধী
দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধী । সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, জ্ঞানেশ কুমারের সাহায্য ছাড়া নরেন্দ্র মোদি কখনো প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।

Advertisement

রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে মোদি ও অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, ‘জ্ঞানেশ কুমারকে সরানোর পর আমাদের পরবর্তী লক্ষ্য আপনারা।’

এ সময় তিনি সংবিধানকে সর্বোচ্চ স্থান দেয়ার কথা ফের মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘মোদি ও অমিত শাহকে স্পষ্ট বার্তা দিতে আপনারা এখানে এসেছেন। তারা যতই ধনী হোক বা নিজেদের শক্তিশালী মনে করুক না কেন, তারা সংবিধানের চেয়ে বড় নয়।’

ভোটার তালিকা থেকে ১৫ শতাংশ ভোটারকে বাদ দেয়ার প্রসঙ্গ টেনে রাহুল একে সাধারণ চুরি নয়, বরং ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ বলে উল্লেখ করেন। 

তার অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছাড়াও মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও কর্নাটকের মতো একাধিক নির্বাচনে পরিকল্পিতভাবে ভোট চুরি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে রাহুল বলেন, ‘অমিত শাহ বলছেন নরেন্দ্র মোদি কোথাও যাচ্ছেন না। আমি বলতে চাই, তাকে কোথাও যেতে দেয়া হবে না। দেশবাসীর অধিকার রক্ষা করতে সবার আগে জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে জেলে পাঠানো হবে। আর তারপর আমরা আপনাদের (মোদী-শাহ) কাছে আসছি।’

আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র : দ্য ওয়াল