বিমান বাহিনী
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া শুরু হয়েছে। নয়া দিগন্ত

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৫ (পাঁচ) দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শীর্ষক যৌথ মহড়া শুরু হয়েছে।

Advertisement

রোববার (১ নভেম্বর) থেকে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মহড়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ এ মূলত বিষয়ভিত্তিক মতামত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। 

এ মহড়ায় সি-১৩০জে/সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট (HAZMAT- HAZARDOUS MATERIALS) রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। 

এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬-এ বিমান বাহিনীর মোট ১২০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন। 

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের বিষয়ে আলোকপাত করা হবে। 

এ ছাড়াও সি-১৩০ বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণের কার্যপদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতার বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হবে।