জনগণের রায় অবজ্ঞা করে ক্ষমতায় থাকা যাবে না : মামুনুল হক

 সিলেট ব্যুরো
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের রায়কে অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না; গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ব্যর্থ হওয়া সরকারের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে গতকাল সিলেট রেজিস্টারি মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের কারণে শিল্পকারখানা ও তৈরী পোশাক খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে দেশের ব্যবসায়ীদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করা হলে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচারব্যবস্থা ও নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি অবিলম্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, কৃষকদের সার সরবরাহ, যুবকদের কর্মসংস্থান এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের জোর দাবি জানান।
দলের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী এবং ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Advertisement