কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা এসেছেন

 কূটনৈতিক প্রতিবেদক
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রণদীপ সরাই চার দিনের সফরে গতকাল ঢাকা এসেছেন। শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা ও  কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কানাডা-বাংলাদেশ সম্পর্ককে আরো এগিয়ে নেয়া এই সফরের লক্ষ্য।
সফরকালে রণদীপ সরাই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং  বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে  বৈঠক করবেন। এ ছাড়া তিনি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। কক্সবাজারে রণদীপ সারাই  রোহিঙ্গা জনগোষ্ঠী, স্থানীয় সম্প্রদায় এবং এই সঙ্কট মোকাবেলায় নিয়োজিত অংশীজনদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন। ২০১৭ সাল  থেকে কানাডা রোহিঙ্গা সঙ্কট  মোকাবেলায় ৬০০ মিলিয়ন কানাডিয়ান ডলার অর্থসহায়তা দিয়ে অন্যতম প্রধান দাতা হিসেবে ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য দেয়া সহায়তাও অন্তর্ভুক্ত। 
কানাডা হাইকমিশন থেকে জানানো হয়েছে, কানাডার আন্তর্জাতিক সহায়তা বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নারী ও তরুণদের জন্য সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে, যা  টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করছে। কানাডা মানবিক সহায়তা প্রদান এবং যৌথ সমৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement