হোয়াইট হাউজের সংবাদ সংগ্রহ বন্ধ করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত

 এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সংগ্রহের দায়িত্ব সাময়িকভাবে বন্ধ রাখায় দেশটির পাঁচটি টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত মাসে ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এসব সংবাদমাধ্যমকে তিনি ‘ভুয়া খবর’ এবং ‘কাল্পনিক ও মিথ্যা তথ্য’ প্রচারে অভিযুক্ত করেন। পরে এক ফেডারেল বিচারক ওই সিদ্ধান্ত বাতিল করেন।
ওই সময় সিএনএনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি টেলিভিশন সম্প্রচারক কয়েক দিনের জন্য হোয়াইট হাউজের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখে। এ ব্যবস্থায় একটি সম্প্রচারমাধ্যমের সাংবাদিক সবার জন্য ভিডিও ধারণ করেন। স্থান সঙ্কটের কারণে প্রেসিডেন্টের সাথে পালাক্রমে যেসব সাংবাদিক সফর করেন এবং অন্য সংবাদমাধ্যমের জন্য খবর সংগ্রহ করেন, তাদের নিয়ে গঠিত হয় এই যৌথ সংবাদ সংগ্রহ দল। এ বিষয়ে অবগত ছয়জনের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, শুক্রবার বিচার বিভাগের কর্মকর্তারা নেটওয়ার্কগুলোর সাথে যোগাযোগ করেন। এ সময় হোয়াইট হাউজের টেলিভিশন সংবাদ সংগ্রহ দল-সংক্রান্ত যোগাযোগের নথি ও অন্যান্য উপকরণ চাওয়া হয়।
বিচার বিভাগের মুখপাত্র এমিলি কভিংটন নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে বলেন, এবিসি, সিবিএস, সিএনএন, এনবিসি ও ফক্স নিউজ- এই পাঁচটি নেটওয়ার্ক ‘হোয়াইট হাউজের অনুষ্ঠানগুলোর সংবাদ সংগ্রহ বর্জন করে।’ তিনি এক বিবৃতিতে বলেন, ‘বাণিজ্যিক প্রতিযোগীদের মধ্যে সম্মিলিতভাবে বর্জনের ঘটনা শেরম্যান আইন লঙ্ঘন করতে পারে।’ শেরম্যান আইন একটি প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধবিষয়ক আইন। কভিংটন বলেন, ‘এসব সংবাদমাধ্যম প্রতিযোগিতা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ করতেই প্রতিযোগিতা বিভাগ তদন্ত করছে।’ ট্রাম্প দীর্ঘদিন ধরে তার সমালোচনামূলক সংবাদ প্রচারকারী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন।

Advertisement