
ক্রীড়া প্রতিবেদক
শেখ মাহেদীর ঘূর্ণিতে ৩৩.৫ ওভারে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগের প্রথম ইনিংস। রাজশাহীকে দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাট হাতে দারুণ শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম দিন শেষে ৩৩.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে খুলনার সংগ্রহ ১০৮। দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তামিম। ৯৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অপরাজিত ২৮ রানে। আজ ১১ রানে পিছিয়ে থাকা খুলনা দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাজশাহীর ব্যাটিং ধসের মূল কারিগর শেখ মাহেদী। তার স্পিনে একে একে উইকেট হারিয়ে তারা। মেহেদী নেন ৬ উইকেট। সফর আলীর শিকার ৩ উইকেট।
নাঈমের সেঞ্চুরি
স্বাগতিক সিলেটের বোলারদের ওপর দাপট দেখিয়ে মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত সেঞ্চুরির সাথে জিসান আলম ও মার্শাল আইয়ুবের বড় ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা বিভাগ। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছে ঢাকা। তবে ১৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত জিসান। অন্য দিকে মার্শাল আইয়ুব ৮০ রানে এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ রানে অপরাজিত আছেন।
২১৫ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নাঈম। এটি তার প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি। সিলেটের বোলার নাসুম আহমেদ দু’টি উইকেটই নিয়েছেন।
মীমের ধামাকা
ময়মনসিংহের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন মীম মোসাদ্দেক। টস জিতে ব্যাট করতে নেমে রংপুর দলীয় ২৫ রানে ওপেনার অনিক সরকারকে (১৬) হারালেও মীমের সাথে ইকবাল হোসেনের ২০৮ রানের জুটি হয়। ঢাকার বিপক্ষে আগের রাউন্ডে ৬৩ রান করা মীম ময়মনসিংহের বিপক্ষে ২০৪ বলে ২৩ বাউন্ডারিতে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি তার ফাস্ট ক্লাস ক্যারিয়ারতো বটেই ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ইনিংসের ওপর ভর করে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৭০ রান তুলেছে দলটি। মিমের পাশাপাশি ইকবাল হোসেন ৭৮ ও আবদুল্লাহ আল মামুন ৬১ রান করেছেন।
ময়মনসিংহের হয়ে আজিজুল হাকিম রনি ও আসাদুল্লাহ হিল গালিব দু’টি করে এবং রাকিবুল ও আল আমিন জুনিয়র পেয়েছেন একটি করে উইকেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








