
দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১ নভেম্বর) রাত আড়াইটায় ব্রেনস্ট্রোকে তিনি মারা যান। এর আগে, দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হবে।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় তার সাংবাদিকতা শুরু হয়। তিনি দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকায়ও কাজ করেছেন। দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ ও সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, সোনার বাংলার বগুড়া অফিসপ্রধান মিনাজুল ইসলাম।
এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ স ম আব্দুল মালেক এবং বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার ও সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








