চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করল বেপজা


বিদেশী বিনিয়োগকারীদের আরো দ্রুত, সুনির্দিষ্ট ও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বেপজার অধীনস্থ আটটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ। সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ আরো সুসংগঠিত করা, তাদের বিনিয়োগসংক্রান্ত চাহিদা অনুযায়ী সরাসরি সহায়তা দেয়া এবং বিনিয়োগ প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যেই এই বিশেষায়িত ডেস্কগুলো চালু করা হয়েছে। ডেস্কগুলো সংশ্লিষ্ট দেশের বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বেপজার ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের অংশীদারত্ব দৃঢ় করার, বিনিয়োগকারীদের কথা সরাসরি শোনার, তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো বোঝার এবং আমাদের বিনিয়োগ পরিবেশকে আরো বেশি প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করে তোলার উপায় খুঁজতে সাহায্য করবে। সমাপনী বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে বেপজার দৃঢ়অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই), কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিবৃন্দসহ বেপজাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

Advertisement