হামের উপসর্গে সিলেটে কিশোরসহ ৩ জনের মৃত্যু

  নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে এক কিশোরসহ আরো তিনজন মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯টি শিশু।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৪৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৪৭ শিশু মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৬৮। এই সময়ে এক হাজার ১৫২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৫টি শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে  মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ দুই হাজার ৮৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮০ হাজার ৭৯ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭২ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। 
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া কিশোর আলম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। একই সময়ে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৪৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হামরোগী শনাক্ত হননি। ফলে চলতি বছরের এক জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হামরোগীর সংখ্যা এক হাজার ৯৫ জনে রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ, বিয়ানীবাজারে দুই, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯, ধর্মপাশায় এক ও বাহুবলে ১০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৩৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, নর্থ ইস্ট মেডিক্যালে তিন, পার্কভিউ মেডিক্যালে ২৫, সিলেট উইমেন্স মেডিক্যালে তিন, কোম্পানীগঞ্জে দুই, বিশ^নাথে দুই, বিয়ানীবাজারে আট, গোলাপগঞ্জে ছয়, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪, ধর্মপাশায় দুই, বাহুবলে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৬, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৭ জন।