
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠনের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা র্যালি করেছেন পোশাক শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বগাবাড়ি বাজার থেকে শুরু হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক প্রদক্ষিণ করে ইউনিক এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে নতুন মজুরি নির্ধারণ অত্যন্ত জরুরি। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে তারা স্বাগত জানান এবং শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মজুরি বোর্ডের মাধ্যমে জীবনমান, পরিবারের মৌলিক প্রয়োজন এবং বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক ও বাস্তবসম্মত নতুন মজুরি কাঠামো ঘোষিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলী, ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং শতাধিক পোশাক শ্রমিক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








