
সংসদ প্রতিবেদক
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশী কর্মী পাঠানো হয়েছে। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবাসী কর্মীদের বিমানবন্দরে পৌঁছার পর হয়রানি ও অবহেলা বন্ধ এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে মোট চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে রেমিট্যান্স প্রবাহ হয়েছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আগের সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।
প্রবাসী কর্মীদের কল্যাণ ও নিরাপদ কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে বৈঠকে বিমানবন্দরে কর্মীদের হয়রানি ও অবহেলার বিষয়টি আলোচনায় আসে। বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে কোনো প্রবাসী কর্মী যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি জোরদারের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও কোনো ধরনের ব্যত্যয় যাতে না ঘটে, সেজন্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টিও তুলে ধরা হয়। এতে জানানো হয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৈঠকে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে বাংলাদেশী কর্মী পাঠানো হয়ে থাকে। বর্তমানে দেশে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা দুই হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে দুই হাজার ১৮৭টি।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য ও প্রতিমন্ত্রী মো: নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো: জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো: আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








