সড়ক ও ফুটপাথ সম্প্রসারণে গাছ কাটার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মোমিন ইসলাম নজরুল বিশ্ববিদ্যালয়

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের নামে গাছ কাটার অভিযোগ উঠেছে। পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক প্রকৌশলী হাফিজুর রহমানের পরিকল্পনায় একের পর এক বৃক্ষ নিধন করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ক্যাম্পাসের পরিবেশ, জীববৈচিত্র্য ও পুরনো বৃক্ষরাজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্প্রতি কদমতলা থেকে দ্বিতীয় গেট পর্যন্ত ফুটপাথ সম্প্রসারণের কাজে প্রায় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকলেও গাছ কেটে ফুটপাথ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ দিকে ‘চির উন্নত মম শির’ থেকে প্রথম গেট পর্যন্ত সড়কের পশ্চিম পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও রাস্তা সম্প্রসারণের জন্য আরো শতাধিক গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে পুরনো কলা ভবনের পুকুর সৌন্দর্যবর্ধনের কাজেও প্রায় শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছিল। ধারাবাহিকভাবে গাছ কাটার ঘটনায় ক্যাম্পাসের সবুজ পরিবেশ ও ঐতিহ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ফার্স্ট গেট থেকে ‘চির উন্নত মম শির’ পর্যন্ত সড়কটি ক্যাম্পাসের অন্যতম সুন্দর ও স্মৃতিবিজড়িত স্থান। সোনালু, জারুল ও কৃষ্ণচূড়ার পুরনো গাছগুলোর সাথে শিক্ষার্থীদের আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। উন্নয়নের পাশাপাশি গাছ কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
ন্যাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও গ্রিন ক্যাম্পাসের উপদেষ্টা রাতুল মুন্সি বলেন, পরিকল্পনার অভাবে অবকাঠামোগত উন্নয়নের নামে বারবার গাছ ধ্বংস করা হচ্ছে। নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছ সংরক্ষণেও গুরুত্ব দেয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফার্স্ট গেট থেকে বিজয় ভাস্কর্য পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে খনন ও নির্মাণকাজ করা হচ্ছে।
গাছ কাটার বিষয়ে পরিচালক হাফিজুর রহমান বলেন, সড়ক সম্প্রসারণের জন্য নির্মাণকাজ চলছে। ১৫ ফুটের সড়কটি ৪৫ ফুটে সম্প্রসারণ করা হবে। এ ক্ষেত্রে বিকল্প নকশায় কাজ করার সুযোগ নেই। উন্নয়নের প্রয়োজনে গাছ কাটতে হলে তা করা হবে। তবে প্রয়োজনে গাছ অন্যত্র প্রতিস্থাপন এবং নতুন গাছ লাগানো হবে।