
টাঙ্গাইলে ২ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আবদুল মজিদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামিরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই গ্রামের আয়নালের ছেলে রুবেল (২৩)। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার মো: রোকুনুজ্জামান নয়া দিগন্তকে বলেন, মামলার বাদি পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। তিনি বিগত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তার স্বামীর সাথে বাড়ির বাইরে দেখা করতে যান। আসামিরা তখন তার স্বামীকে একটি খুঁটির সাথে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনার ছয় দিন পর ভিকটিম নিজেই বাদি হয়ে মধুপুর থানায় মামলা করেন। একই বছর ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো তিন বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। টাঙ্গাইল প্রতিনিধি।
চুনারুঘাটে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হবিগঞ্জের চুনারুঘাটে দেড় সপ্তাহের ব্যবধানে অনৈতিক আচরণ ও ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই)। জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকা থেকে ছায়েদ আলী নামে এক ব্যক্তিকে মাদকাসক্ত সন্দেহে আটক করেন চুনারুঘাট থানার এসআই মামুন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে পরিস্থিতির কারণে তাকে ছেড়ে দেয়া হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে এসআই মামুন জনরোষের মুখে পড়লে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। এর তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে চুনারুঘাট থানার এএসআই ইলিয়াসের ঘুষ লেনদেনসংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ওই রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ দিকে কয়েক মাস আগে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এএসআই অতনু বণিককেও চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা।
নওগাঁয় ৩ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁর পতœীতলায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, পাঁচ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল ভোরে উপজেলার বদলপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বদলপুর গ্রামের বান্দন (৪৫), তার ছেলে সুজিত (২১) ও রহিন (৩৬)। নওগাঁ প্রতিনিধি।
সুন্দরগঞ্জে স্বামীর দাফনের ২ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামীর দাফন শেষ হওয়ার দুই ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- সাহাবাজ আবদুল জলিল (৭০) ও তার স্ত্রী আমিনা বেগম (৬০)। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাতে আমিনা বেগমের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে স্ট্রোকে আক্রান্ত হন। স্ত্রীর চিন্তায় অসুস্থ হয়ে পড়েন স্বামী আবদুল জলিল। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে আবদুল জলিল স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসার পর গত সোমবার গভীর রাতে মারা যান আবদুল জলিল খান। মঙ্গলবার বেলা ৩টার দিকে মরহুম আবদুল জলিলের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দাফন শেষে বাড়ি ফেরার দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে স্বামীর পথ ধরে মৃত্যুরকোলে ঢলে পড়েন স্ত্রী আমিনা বেগম। পরে রাতে নামাজে জানাজা শেষে স্বামীর পাশেই মরহুমা আমিনা বেগমকে দাফন করা হয়েছে। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।
নলডাঙ্গায় টিটিসির অফিসসহায়ক গ্রেফতার
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধমকি দেয়ার অভিযোগে মো: জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে অবস্থিত নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিসসহায়ক।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুরে অবস্থিত নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন ‘নয়ন খাবার হোটেল’-এর স্বত্বাধিকারী নারীকে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন একই এলাকার মো: জাহাঙ্গীর আলম (৪০)। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১ ঘটিকায় ওই নারী নিজ হোটেলে কাজ করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম তার সাথে অশালীন আচরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মো: জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।
কাউখালীতে জেলে পরিবার পেল ২৫ কেজি চাল
পিরোজপুরের কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকাকালে জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৩১০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে মোট ৭ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেয়া হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
ধামরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- প্রধান অতিথি ঢাকা ২০ ধামরাই আসনের এমপি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি মহিলা সংক্ষিরত আসনের এমপি সুলতানা আহমদ, ধামরাই থানার ওসি নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শারিয়ার,ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, ধামরাই পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার ও সদস্য সচিব রঞ্জিত কুমার পালসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের সব পূজা মণ্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








