কলেজছাত্রী নিখোঁজ ভারতে পাচারের শঙ্কা

 বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাতা

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার কিংবা মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের ভারতে যাতায়াত থাকায় মেয়েটিকে সীমান্ত পার করে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।
শারমিন উপজেলার সীমান্তঘেঁষা পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের পশিরুল ইসলামের মেয়ে এবং লাহিড়ী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মোবাইল ফোনে তাকে বাড়ির বাইরে ডেকে নেয় রমিক। পরে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
ঘটনার দুই দিন পর শারমিনের বাবা পশিরুল ইসলাম রমিক চন্দ্র সিংহ, তার বাবা গ্রাম পুলিশ সুমন্ত চন্দ্র সিংহসহ পাঁচজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন। তবে এখন পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান মেলেনি।
পশিরুল ইসলাম বলেন, প্রধান আসামির বাবা এলাকায় থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে মেয়েকে দ্রুত উদ্ধার করা সম্ভব হতো। স্বজনদের অভিযোগ, আসামিদের কয়েকজনের ভারতে নিয়মিত যাতায়াত রয়েছে। দীর্ঘ সময়েও শারমিনের সন্ধান না পাওয়ায় তাকে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পরিবার দেরিতে পুলিশকে বিষয়টি জানিয়েছে। অপহরণ মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।