
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকালে হামলায় পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়িতে মাদককারবারীরা পাথর নিক্ষেপ করে।
আহতরা হলেন- কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বলেন, কেডিসিপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে তারা কাজ করছেন। মঙ্গলবার মাদকবিরোধী কার্যক্রম চলাকালে কয়েকজনের ওপর হামলা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে গেলে তার গাড়িতেও হামলা করা হয় বলে দাবি করেন তিনি। তবে ইউএনও জিল্লুর রহমান বলেন, রহনপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিল। পরিস্থিতি দেখতে রাতে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক আম ব্যবসায়ী আহত হলে তাকে হাসপাতালে নেয়ার সময় বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে তার গাড়ির একটি কাচ সামান্য ভেঙে যায়।
ইউএনও বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি চলে আসার পর আম ব্যবসায়ীদের আরো কয়েকজনের ওপর হামলা হয় বলেও জানান।
গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকালে উত্তেজনা থাকায় ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








