খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

খুলনা ব্যুরো
খুলনায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় তাকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, মহিদুল তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। বুধবার সকাল সোয়া ৬টার দিকে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট সংলগ্ন একটি হোটেলে নাশতা করতে যান। কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ফেলে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

Advertisement