
বিশেষ সংবাদদাতা
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে এক হাজার ২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণ করা হবে। মোট ব্যয় হবে ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা। একই সাথে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ৩৩ কোটি ৪৮ লাখ টাকার বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি কেনা হবে।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হয়।
বৈঠকে, আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট)’ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার নির্ধারণ এবং রেলওয়ের চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তরে নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগসহ আটটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে কুষ্টিয়ায় রেলওয়ের একটি ওভারপাস নির্মাণকাজের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
‘রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় প্যাকেজ ডব্লিউডি-১-এর পূর্ত কাজে ব্যয় হবে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ কাজের বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
প্রকল্পের আওতায় এক হাজার ২০০ শয্যাবিশিষ্ট ১১ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে একটি ভূগর্ভস্থ তলা থাকবে।
এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পূর্ত কাজের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দু’টি দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের কাছ থেকে নির্ধারিত অর্থে কাজটি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্য দিকে, ‘সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদের আওতায় বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি কেনার দু’টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ জিডি-১০ এর লট-৫ এর আওতায় যন্ত্রপাতি কেনায় ব্যয় হবে ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকা। এ অর্থ সরকারি উন্নয়ন বাজেট থেকে দেয়া হবে। প্রস্তাবক স্বাস্থ্যসেবা বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য অধিদফতর।
এ প্যাকেজের আওতায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, রক্ত পরিসঞ্চালন চিকিৎসা, শ্বাসতন্ত্রের চিকিৎসা, মনোরোগ, দগ্ধ ও প্লাস্টিক সার্জারি এবং দুর্ঘটনা ও জরুরি বিভাগের জন্য বিভিন্ন হাসপাতাল সরঞ্জাম কেনা হবে।
উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ কাজের জন্য দু’টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে একমাত্র গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজের কাছ থেকে ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকায় এসব মেডিক্যাল যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদ ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
এ ছাড়া একই প্রকল্পের প্যাকেজ জিডি-১০ এর লট-৩ এর আওতায় আরো বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকা। এ প্রস্তাবের প্রস্তাবক স্বাস্থ্যসেবা বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য অধিদফতর।
লট-৩ এর আওতায় সার্জারি, অস্ত্রোপচার কক্ষ ও ক্যান্সার চিকিৎসা বিভাগের জন্য বিভিন্ন হাসপাতাল সরঞ্জাম কেনা হবে। এ কাজের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয়টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে চারটি দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী ই-ক্রয় ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজ, ঢাকার কাছ থেকে ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকায় এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড’ কর্তৃক স্থাপিত ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট)’ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার নির্ধারণের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে ৩.৭ মার্কিন সেন্ট (বাংলাদেশী মুদ্রায় ৪.৫৪৩৬ টাকা)।
বৈঠকে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে- ‘এসএমইসি-ওসিজি-এসিই-ডিডিসি’। এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসির মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাহার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৬৬ ডলার দরে বাংলাদেশী মুদ্রায় এতে ব্যয় হবে ৪২৭ কোটি ৮০ লাখ টাকা।
বৈঠকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে একটি প্যাকেজ কাজ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি করবে যৌথভাবে- ‘এইচআইসিসি-ইউসিসি’। এতে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা।
বৈঠকে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জেরি বিভিন্ন সড়ক-সেতু-কালভার্ট পুনর্নির্মাণ ও পুনর্বাসনে একটি প্যাকেজের পূর্ত কাজ বাস্তবাস্তবায়নে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি করবে ‘মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স’। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২১ লাখ টাকা।
এ ছাড়া বৈঠকে ‘কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কে রেলবাজার রেলওয়ে ওভারপাস (১ম সংশোধিত) একটি প্রকল্পে ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় বৃদ্ধির একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








