সংক্ষিপ্ত সংবাদ


চোর সন্দেহে গণপিটুনিতে নিহত
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিজানুর কুষ্টিয়ার লালন শাহ বাজার এলাকার বাটিকামারি গ্রামের বাসিন্দা। জানা যায়, গতকাল সোমবার ভোররাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামের দক্ষিণপাড়ায় ইদ্রিস আলীর গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা চালায় একদল চোর। টের পেয়ে গৃহস্থ ও তার ছেলে চিৎকার দিলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও মিজানুরকে ধরে ফেলে এলোপাতাড়ি মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চৌগাছা (যশোর) সংবাদদাতা।

Advertisement

কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেফতার 
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশের বিশেষ অভিযানে তিনটি গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), ‘১২০৭’ গ্যাংয়ের তারেক হোসেন সৈকত (১৯) ও জাকির আহমদ (২৩) এবং ‘পিএক্স ১০’ গ্যাংয়ের শাকিব (১৭)। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। পরবর্তীতে আসামিদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলাজুড়ে কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কুমিল্লা প্রতিনিধি।

অভিযানে উদ্ধার পাচারকারী সার
কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আশ্রায়ন বিওপির টহল দল পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এ সার জব্দ করে। উদ্ধারকৃত সারের মধ্যে রয়েছে তিন হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), চার হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং এক হাজার ৭৫০ কেজি ফসফেট। ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামার রনি জানান, দেশের কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এসব সার যাতে অবৈধভাবে বাইরে পাচার হতে না পারে, সেজন্য সীমান্তে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা সার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। কুষ্টিয়া প্রতিনিধি।

ভ্যানচালককে হত্যা করে ছিনতাই
দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামের এক ভ্যানচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। গতকাল সোমবার ভোরে সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে সটকে পড়ে। রোববার বিকেলে ভাড়ায় ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে মোকছেদুল নিখোঁজ ছিলেন। ভোরে স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পায়। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। দিনাজপুর প্রতিনিধি ও চিরিরবন্দর সংবাদদাতা।

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী
সৌদি আরবে মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলায় মো: সজিব (২৫) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। সূত্র জানায়, ৪ অক্টোবর সৌদির জুবাইল শহরে কর্মস্থলে অবস্থানকালে আকস্মিক এ হামলায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সেখানে কর্মরত অপর এক বাংলাদেশী আল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় কয়েক বছর আগে সজিব প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। স্বজনরা জানান, পরিবার ভরসা হারিয়ে আজ দিশেহারা। সজিবের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। সরকারি সহযোগিতায় দ্রুত যেন কফিন দেশে পৌঁছায় সেটাই এখন পরিবারের একমাত্র আকুতি। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা।

ডেঙ্গু সচেতনতা কার্যক্রম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে তারাব বাজার ও আবাসিক এলাকায় পৌর জামায়াতের আমির মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিলেও সরকারের পরিচ্ছন্নতা ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম সন্তোষজনক নয়। হাসপাতালে শয্যা না পেয়ে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

ছাগলে পাতা খাওয়া নিয়ে প্রাণহানি
নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে ইয়াছিন মণ্ডল (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিবেশী মিম মণ্ডলের (২০) একটি ছাগল ইয়াছিনের শিম গাছের পাতা খেলে দু’জনের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিম উত্তেজিত হয়ে বৃদ্ধ ইয়াছিনকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। নিহতের পুত্রবধূ সমাপ্তি বেগম জানান, শ্বশুরের চিৎকার শুনে বাইরে এসে দেখেন মিম তাকে প্রহার করছে। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি মাহবুব আলম জানান, লাশের ময়নাতদন্ত ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আত্রাই (নওগাঁ) সংবাদদাতা।

হত্যা মামলায় গ্রেফতার ২
কক্সবাজারের চকরিয়ায় যুবদল নেতা মো: জিসান (২৬) অপহরণের পর হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। একইসাথে হত্যাকাণ্ডে ও অপহরণে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী এলাকার আনোয়ার হোসেন ওরফে কাল্লু ড্রাইভার (৩৫) এবং ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার জিসাত মিয়া ওরফে শওকত ড্রাইভার (২৮)। গত ২৭ সেপ্টেম্বর রাতে জিসানকে তুলে নেয়া হয়। পরে একই রাতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে জঙ্গলে জিসানের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জিসানের ভাই কাইচার হামিদ বাদি হয়ে হত্যা ও অপহরণের মামলা দায়ের করেন। চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা।