
রাজধানীর বনানীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ক্রিস্টিন ভার (৩৩) নামে এক ফিলিপাইনি নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত বুধবার (২৮ অক্টোবর) রাতে বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন লাগলে দগ্ধ হন ক্রিস্টিন ভার।
ক্রিস্টিন ভারকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, বুধবার (২৮ অক্টোবর) রাতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
মোহাম্মদ আল আমিন আরো জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। এরপর বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন।
এদিকে, আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, নিহত ক্রিস্টিন ভার তার বান্ধবী ছিলেন। তারা দুইজনই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশে এসে ওই ঠিকানায় একসাথে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপাইনি নারী তাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, বনানীতে দগ্ধ এক ফিলিপাইনি নারী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ বর্তমানে জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








