
- আরামবাগ ২-২ রহমতগঞ্জ
- ওয়ান্ডারার্স ১-৫ ঢাকা আবাহনী
- ফর্টিস ৩-৩ সিটি ক্লাব
বাংলাদেশ ফুটবল লিগের শুরু থেকেই গোল বন্যা বইছিল। এর বাইরে যায়নি গতকালের তিন ম্যাচও। দেশের তিন ভেনুতে হওয়া তিন খেলায় হয়েছে ১৬ গোল। এই চার হালি গোলের খেলাগুলোতে ব্যতিক্রম সিটি ক্লাবের স্ট্রাইকার অনিকাচি ওকাফোর। তিনি করেছেন হ্যাটট্রিক। তার এই হ্যাটট্রিকেও অবশ্য জিততে পারেনি সিটি ক্লাব। ড্র করেছে ফর্টিস এফসির সাথে। অন্য দিকে লিগ ও ফেডারেশন কাপের প্রথম খেলাগুলোতে জিততে পারেনি আবাহনী। গতকাল অবশ্য আকাশি নীল শিবির বড় জয় পেয়েছে। তাদের ৫-১ গোলে জয় ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। ২-২ গোলে ড্র করেছে আরামবাগ ও রহমতগঞ্জ।
কিংস এরিনা গতবারের মতো এবারো হোম ভেনু ফর্টিস এফসির। কাল লিগের নবাগত সিটি ক্লাব ও ফর্টিসের এই ম্যাচে ছয় গোল দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। ওকাফোর গত সিজনে ছিলেন এই ফর্টিসেই। তবে ১৯ মিনিটেই জোড়া গোল দিয়ে বেশ বিপদেই ফেলে দেন ফর্টিসকে। মাসুদ পারভেজ কায়সারের দল অবশ্য এর পরই ঘুরে দাঁড়ায়। ৩৮ মিনিটে ইব্রাহিম গোল করার পর ৪৯ মিনিটে পা ওমর স্কোর ২-২ করে ফেলেন। পা ওমরের গোলটি পেনাল্টি থেকে।
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে ক’দিন পরেই কুয়েত যাবে ফর্টিস এফসি। এই দলটি দুই গোলে পিছিয়ে এরপর ম্যাচে ফিরলেও আবার তাদের ব্যাকসিটে ফেলে দেন ওকাফোর। ৫৬ মিনিটে তার হ্যাটট্রিক পূর্ণ করা গোলে ৩-২-এ এগিয়ে যায় সিটি ক্লাব। তবে আবদুল কাইয়ুম সেন্টুর দলকে জয় নিয়ে ফিরতে দেয়নি ফর্টিস। ৭০ মিনিটে জাপানী নরিকি স্কোর ৩-৩ করে ফেলেন। ফলে দ্বিতীয় ম্যাচে এসেই পয়েন্ট হারাতে হল এই দুই দলকেই। ফর্টিস প্রথম ম্যাচে ৬-০তে হারিয়েছিল চট্টগ্রাম সিটি এফসিকে। আর সিটি ক্লাবের ৩-০তে প্রথম জয় ছিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির সাথে গোলশূন্য ড্র করা ঢাকা আবাহনী কাল চাঁদপুর স্টেডিয়ামে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ওয়ান্ডারার্সকে। নাইজেরিয়ান ওকাচি অ্যান্থনি আকু ৩ ও ৭৫ মিনিটে জোড়া গোল করেন। ৬ মিনিটে মঈন আহমেদ গোল করার পর ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ২০১৪ বিশ^কাপে খেলা নাইজেরিয়ান মাইকেল বাবাতুন্দে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। এরপর ৯২মিনিটে দলের পঞ্চম গোল করেন আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ আলআমিন। ওয়ান্ডারার্সের জাহিদ হোসেন অবশ্য ১৪ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন।
গোপালগঞ্জে ২-২ গোলে খেলা শেষ করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ। আরামবাগের পক্ষে সুরাজ ও রকি যথাক্রমে ১৪ ও ৬৮ মিনিটে গোল করেন। সুরাজের গোলটি পেনাল্টি থেকে। রহমতগঞ্জের পক্ষে জোড়া গোল করেন ইব্রাহিম। তার দুই গোল ২৫ ও ৬৩ মিনিটে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








