লেভানোদোভস্কির হ্যাটট্রিক ৯ বছর পর
হ্যাটট্রিক করার পর পোলিশ স্ট্রাইকার লেভানোদোভস্কি : ইন্টারনেট।

ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশন্স লিগের লিগ বি-এর ম্যাচে গত পরশু ওয়ারশতে একতরফা আধিপত্য দেখিয়েছে পোল্যান্ড। রবার্ট লেভানোদোভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। দীর্ঘ ৯ বছর (তি হাজার ২৮৪ দিন) আগে ২০১৭ সালের ৫ অক্টোবর আর্মেনিয়ার বিপক্ষে ৬-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এই পোলিশ ফরোয়ার্ড। একটি করে গোল করেন পিওতর জিলিনস্কি ও জান বেডনারেক। আর মাঝে একটি গোল আত্মঘাতী করেছেন ভার্জিল ঘিটা। 
পিজিই নারোদোভিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পোল্যান্ড। ম্যাচের ২২ মিনিটে রোমানিয়ার রাদু দ্রাগুশিন লাল কার্ড দেখলে আরো চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর সংখ্যায় এগিয়ে থাকা পোল্যান্ড একের পর এক আক্রমণ চালায়। ২ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক লেভানোদোভস্কি। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর রোমানিয়ার রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার ২ মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানোদোভস্কি। ৪৯ মিনিটে সফরকারী দলের ভার্জিল ঘিটার আত্মঘাতী গোলে লিড বেড়ে দাঁড়ায় ৩-০। ৬২ মিনিটে পিওতর জিলিনস্কি গোল করলে ব্যবধান আরো বাড়ে। চার মিনিট পর জান বেদনারেকের গোলে স্কোরলাইন হয়ে যায় ৫-০। এরপরও থামেনি পোল্যান্ডের গোলের ক্ষুধা। ৮৬ মিনিটে আবার জ্বলে ওঠেন লেভানোদোভস্কি। ম্যাচে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে এটি ছিল তার সপ্তম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সেও পোল্যান্ডের আক্রমণের প্রধান ভরসা হিসেবে নিজের সামর্থ্যরে আরেকটি দৃষ্টান্ত রাখলেন এই তারকা স্ট্রাইকার। নেশন্স লিগের চলতি আসরে প্রথম দুই ম্যাচে বসনিয়ার সাথে গোলশূন্য ড্র এবং সুইডেনের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর রোমানিয়ার বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ হলো পোল্যান্ডের। সামনে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে এই ছন্দ ধরে রাখাই হবে দলের প্রধান লক্ষ্য।

Advertisement