পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক
কুমিল্লা, কিশোরগঞ্জ ও বগুড়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশের তিনটি জেলায় এসব ঘটনা ঘটেছে।
কুমিল্লা প্রতিনিধি ও ব্রাহ্মণপাড়া সংবাদদাতা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ রামনগর গ্রামের হালিমের ছেলে। সে খালার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। হাসিব একই এলাকার কাউসারের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশুর সাথে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দু’জন পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পাকুন্দিয়ার আনোয়ারখালী গ্রামে পুকুরে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, শেরপুরে পুকুরের পানিতে পড়ে রাফা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে যাওয়ার পর স্থানীয়রা পুকুরে রাফার চুল ভাসতে দেখে তাকে সাইকেলসহ উদ্ধার করেন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement