
হরিরামপুরের হাজারি গুড়
মানিকগঞ্জের হরিরামপুরে হাজারি গুড় জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গুড় উৎপাদনকারী গাছিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজারি পল্লীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুনআরা সুলতানা। এতে স্থানীয় গাছি, গুড় উৎপাদনকারী, কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সভায় হাজারি গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদনের মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং জিআই স্বীকৃতির সুফল নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জিআই স্বীকৃতির ফলে হাজারি গুড়ের স্বকীয়তা ও সুনাম বাড়ার পাশাপাশি উৎপাদকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারিত হবে ও নতুন ক্রেতা তৈরি হবে। স্থানীয় গাছিরা ভেজাল গুড় ঠেকাতে প্রশাসনের নজরদারি কামনা করেন। জেলা প্রশাসক বলেন, জিআই স্বীকৃতিতে হাজারি গুড়ের ঐতিহ্য ও গুণগত মান ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা।
জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির
ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। দলটির মুক্তাগাছা পৌরসভার আমির মাওলানা আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহীন, এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: শামীম, আজিজুল হক শাহীন ও পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদি হাসান। কর্মী শিক্ষাশিবিরে মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের কয়েক শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। শিক্ষাশিবিরে সংগঠনের কর্মীদের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া
হয়। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা।
নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো: মাসুদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাসুদ খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা এলাকার মাহবুব গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসনের পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করছিলেন। পুলিশ জানায়, অভিযোগ ওঠার পর তদন্ত করে শিক্ষক মাসুদকে গ্রেফতার করা হয়। চরভদ্রাসন থানার ওসি মো: সফর আলী জানান, ঘটনাটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।
মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি
পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লার দোকানে অনুমোদনহীন, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগ উঠেছে। আকর্ষণীয় মোড়ক ও কম দামে শিশুরা এসব খাবার কিনছে। স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ অভিভাবকদের। বিভিন্ন দোকান ঘুরে বিস্কুট, চিপস, চানাচুর, চকোলেট, কোমল পানীয়, জুস, কৃত্রিম দুধের পানীয়, আইসক্রিম, দই ও মিষ্টিসহ নানা খাবার বিক্রি হতে দেখা গেছে। কিছু পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তথ্য স্পষ্ট নয়। মেয়াদোত্তীর্ণ খাবার নতুন মোড়কে বিক্রির অভিযোগও রয়েছে। তবে সব পণ্য অননুমোদিত বা ভেজাল কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, অনিরাপদ রং ও অতিরিক্ত রাসায়নিকযুক্ত খাবার শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। মেয়াদোত্তীর্ণ বা দূষিত খাবারে ডায়রিয়া, পেটব্যথা ও হজমের সমস্যা হতে পারে। তদারকি জোরদার প্রয়োজন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মাছ ধরা ও জাল চুরির অভিযোগ নিয়ে বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের অনুসারীদের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশে বসার উদ্যোগ নেন। তবে সালিশ শুরুর আগেই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতদের মিঠামইনসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
সড়কে ছিনতাই, আহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ব্যারিকেড দিয়ে এক মোটরসাইকেল চালকের গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে। অন্য দিকে শুক্রবার রাত ৯টার দিকে উত্তর লক্ষ্মীপুর-রাজগোপাট সড়কে রিমন মিয়া (২৫) নামে এক যুবকের গতিরোধ করে চোখ বেঁধে মারধর করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার টাকা ও মালামাল নিয়ে যায় ছিনতাইকারীরা। কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া
যায়নি। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
কুসিকের ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নগরবাসীর নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে ‘আমার কুমিল্লা’ নামে অ্যাপ চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। এর মাধ্যমে ঘরে বসেই নগরের বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। সম্প্রতি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি মোবাইলে ডাউনলোড করা যাবে। নগরবাসী এর মাধ্যমে এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগের তথ্য সরাসরি জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা প্রতিনিধি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








