গোপালগঞ্জ সদরে ১৪৩ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক

সেলিম রেজা গোপালগঞ্জ 
গোপালগঞ্জ সদর উপজেলার ২২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৩টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। এ ছাড়া সহকারী শিক্ষকের অনুমোদিত এক হাজার ১২৫টি পদের বিপরীতে ১০৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও দেখা দিয়েছে তীব্র জনবল সঙ্কট। প্রশাসনিক জটিলতা ও শিক্ষক সঙ্কটের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার ২১টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমানে ২৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এর মধ্যে ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী মোজাফফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪৩টি প্রতিষ্ঠানেই স্থায়ী কোনো প্রধান শিক্ষক নেই। 
বর্তমানে ৭৮টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে এবং ৬৫টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান ও দাফতরিক কাজ পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া শিক্ষা অফিসের অনুমোদিত ১৫টি পদের বিপরীতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ চারটি পদ খালি থাকায় তদারকি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একাধিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র দু’জন বা তিনজন শিক্ষক দিয়ে কোনো মতে পাঠদান চালানো হচ্ছে। অন্যান্য শিক্ষক দাফতরিক কাজে ব্যস্ত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে নিয়মিত। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের এই বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে প্রশাসনিক চাপ সামলাতে গিয়ে তাদের স্বাভাবিক শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত হচ্ছে। 
শিক্ষার এই বেহাল দশায় ক্ষুব্ধ অভিভাবকরাও। মুরাদ বিশ্বাস ও আলমগীর শেখ নামের দুই অভিভাবক অভিযোগ করেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে প্রশাসনিক নজরদারি নেই বললেই চলে। শিক্ষকরা যথাসময়ে এলেও সঠিকভাবে ক্লাস নিচ্ছেন না। অনেক বিদ্যালয়ে কাগজে-কলমে অর্ধশতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিত থাকছে মাত্র পাঁচ থেকে দশজন। এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা বলেন, অবসর, বদলি ও জনবলের মৃত্যুর কারণে প্রধান শিক্ষকের এসব পদ ফাঁকা হয়েছে। আমরা এরই মধ্যে শূন্য পদের হালনাগাদ তালিকা এবং শিক্ষা অফিসের শূন্য পদের বিবরণী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ছি। অনুমোদন পেলে দ্রুতই সমাধান হবে।

Advertisement