ফেসবুক পোস্টকে কেন্দ্র করে খুবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া

 খুলনা ব্যুরো
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নেতিবাচক ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে সজল নামের স্থানীয় এক যুবককে মারধর করার জেরে এ ঘটনা ঘটে। গত শুক্রবার রাত সাড়ে ৮ থেকে সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের পাশে হল রোডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
সজলের স্বজনরা জানান, সে বিশ্ববিদ্যালয়ের ভেতরের মাদক পরিস্থিতি ও হল রোডের কয়েকটি বাসায় অনৈতিক কার্যকলাপ হওয়া নিয়ে ফেসবুকে লেখালেখি করে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সজলকে মারতে মারতে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যায়। খবর পেয়ে সজলের বন্ধু ও স্থানীয়রা হল গেটে জড়ো হলে স্থানীয় এক মুরুব্বিকেও মারধর করে ছাত্ররা। তবে ছাত্রদের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি ছদ্মনাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে খাজা গেট এলাকায় ডাকে। এ সময় কিছু রাজনৈতিক ব্যক্তির মদদে সেখানে একদল লোক জড়ো হয়। তারা ওই ব্যক্তিকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। সাধারণ শিক্ষার্থীরা তখন তাকে ফিরিয়ে এনে তাদের সাথে কথা বলার সুযোগ দেয়ার দাবি জানায়। কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

Advertisement