
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পাঁচ বছর পর আবার জনগণের কাছে জবাবদিহি ও পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, তাই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নাগরিক সেবা নিশ্চিত করা নির্বাচিত প্রতিনিধিদের মূল দায়িত্ব। গতকাল রাজধানীর শেরে বাংলা নগরের সমবায় ভবনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় ইউনিয়ন ও উপজেলা পরিষদের ছাদের পাশাপাশি বাসাবাড়িতে সৌর প্যানেল ব্যবহারে উৎসাহিত করার তাগিদ দেন। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে জমা রেখে রাতে ব্যবহারের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পরামর্শ দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী মাঠ প্রশাসনের পদায়ন ও পদোন্নতিতে সততা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেয়ার কথা পুনর্ব্যক্ত করেন। অপর বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
আগামী চার বছরে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে দেয়া হবে। গ্রামীণ ছোট সড়কে ইটের বদলে সিসি ও ইউনি ব্লকের ব্যবহার, দ্রুত ইজিবাইক নিবন্ধনের বিধিমালা তৈরি এবং সার ডিলারদের তালিকা যাচাই শেষে লাইসেন্স দেয়া হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইউএনওদের আন্তরিক হতে বলেন। একইসাথে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিববৃন্দ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








