স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্যারিয়ার এক্সপো

 

Advertisement

সুদীর্ঘ ২৪ বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড় পরিসরে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, ঢাকা হেরিটেজ ও ঢাকা ইমপ্যাক্টের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৪০টির বেশি শীর্ষস্থানীয় দেশী-বিদেশী ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে তরুণদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সরাসরি সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় জমান এবং নিয়োগকর্তাদের সাথে সরাসরি কথা বলে করপোরেট সংস্কৃতির অভিজ্ঞতা নেন। এর আগে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং ভিসি প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চাকরির সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতাবৃদ্ধিতে ব্যাংকিং, তরুণ উদ্যোক্তা তৈরি, তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ এবং নেতৃত্বদানের গুণাবলি নিয়ে দিনব্যাপী একাধিক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে বিষয়ভিত্তিক দিকনির্দেশনা দেন শাহরিয়ার ইমরান, তাশদিক হাবিব, জাফির শাফি চৌধুরী এবং মো: আলতামিস নাবিল। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের করপোরেট বিশ্বের চাহিদা ও বাস্তব কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।