
আলজাজিরা
লাতিন আমেরিকার ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীন। আঞ্চলিক জনমতের ওপর ভিত্তি করে পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন ওয়াশিংটনের চেয়ে বেইজিংয়ের ভূমিকা ও উপস্থিতি অধিক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছেন। চিলিভিত্তিক প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘ল্যাটিনোবারোমেট্রো’র ২০২৬ সালের সর্বশেষ সমীক্ষায় ভূরাজনৈতিক এই পরিবর্তনের সুনির্দিষ্ট চিত্র প্রকাশিত হয়েছে। গবেষণার উপাত্ত অনুযায়ী, লাতিন আমেরিকার ১৭টি রাষ্ট্রের সামগ্রিক জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ এই অঞ্চলে চীনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবকে ইতিবাচক বলে মত দিয়েছেন। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন ৫৭ শতাংশ মানুষ। ২০২০ সালের পরিসংখ্যানে চীনের অনুকূলে এই হার ছিল ৪৮ শতাংশ। মূলত ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি ও কৌশলের পটভূমিতেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতায় এই পতন ঘটেছে। জরিপভুক্ত ১৭টি দেশের মধ্যে কেবল কোস্টারিকা ও ডমিনিকান রিপাবলিকে চীনা প্রভাবের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা বেশি দেখা গেছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








