
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে জুলাই আন্দোলনে দু’জন নিহত হওয়ার ঘটনায় করা মামলাসহ পাঁচ মামলার আসামি মো: ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য, ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে এবার তাকে গ্রেফতারের কারণ জুলাই আন্দোলন-সংক্রান্ত কোনো মামলা নয়। একটি পোশাক কারখানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তৈরী পোশাক সরিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মহসীন উদ্দিন রুবেল নয়া দিগন্তকে বলেন, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন তৈরী পোশাক সরিয়ে নেয়ার অভিযোগে সাজ কেনিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান ফাতেমা নিয়াজ উর্মি আদালতে ফৌজদারি অভিযোগ করেন। গত ২২ সেপ্টেম্বর করা ওই অভিযোগটি ডবলমুরিং থানার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইসমাইলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








