
মতলব উত্তর (চাঁদপুর) থেকে সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের পশ্চিম লুধুয়া গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্মের বর্জ্য ও দুর্গন্ধে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খামারের মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য আশপাশের খাল-পুকুরে ফেলার অভিযোগ উঠেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খালের পানি ব্যবহার ও পুকুরে মাছ চাষ ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও স্বস্তি পাওয়া যায় না। দুর্গন্ধের কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, বমিভাব ও মাথাব্যথার মতো সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। এতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পোল্ট্রি ফার্ম পরিচালনায় তাদের আপত্তি নেই। তবে বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হবে। খাল-পুকুরে বর্জ্য ফেলার কারণে পানির ব্যবহার ব্যাহত হচ্ছে এবং পুকুরের মালিকেরা মাছ চাষ করতে পারছেন না।
দুর্গন্ধের কারণে সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর শুনানির তারিখ নির্ধারণ করা হলেও নির্ধারিত দিনে খামার কর্তৃপক্ষ উপস্থিত হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে পোল্ট্রি ফার্মের মালিক মোহাম্মদ মাহিন হোসাইন বলেন, তিনি স্বাস্থ্যসম্মতভাবে খামারটি স্থাপন করেছেন। খামারে বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে গ্যাস উৎপাদন করে বিভিন্ন বাড়িতে সরবরাহ করা হচ্ছে। কয়েক দিন আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারটি পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, তিনি খামারটি পরিদর্শন করেছেন। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে তার দফতরে কোনো অভিযোগ আসেনি। এ ধরনের বিষয় পরিবেশ অধিদফতরের আওতাধীন।
চাঁদপুর পরিবেশ অধিদফতরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পাওয়ার পর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। খামার কর্তৃপক্ষ উপস্থিত না হওয়ায় বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








