সংক্ষিপ্ত সংবাদ


কেপিএম উৎপাদনে ফিরছে
কর্ণফুলী পেপার মিলস লিমিটেড-সহ (কেপিএম) দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান সচল করতে বিদেশী বিনিয়োগ, বিএমআর, পিপিপি এবং জি-টু-জি পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে। বিসিআইসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব বাবুল মিঞা এসব কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে কেপিএমের গেস্ট হাউজে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি জানান, একসময়ের লাভজনক এই প্রতিষ্ঠানটিকে পুনরায় উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেয়া হয়েছে। দেশের রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল ও লাভজনক করার ল্েয কাজ শুরু হয়েছে। সভায় কারখানার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় কাপ্তাই ইউএনও রায়হানুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সিবিএ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যানকে গার্ড অব অনার দেয়া হয় এবং তিনি কারখানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

Advertisement

নাসিরনগরে চড়া দামে এলপিজি বিক্রি 
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। উপজেলার বাজার ও পাড়া-মহল্লার দোকানগুলোতে তদারকির অভাব এবং কৃত্রিম সঙ্কটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি দাম নির্ধারিত থাকলেও উপজেলার বিভিন্ন দোকানে তা দুই হাজার থেকে দুই হাজর ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিন দেখা যায়, কৃত্রিম সঙ্কট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। অনেক দোকানের বৈধ অনুমতিও নেই। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন। ভোক্তা অধিকারের নজরদারি না থাকায় ভোগান্তি বাড়ছে। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায় থেকেই বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত বাজার তদারকি জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ক্রেতারা। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত
সিলেটের জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে মুখোশধারী ডাকাত দল। গত শুক্রবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রথমে মাস্টার জামাল আহমদের ঘরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে পাশের বাড়িতে তার ছোট ভাই ব্যবসায়ী শামীম আহমদের ঘরে হানা দেয়। এ সময় বাধা দিলে দুই ভাইকে মারধর করে ডাকাতেরা। গুরুতর আহত অবস্থায় শামীম আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ডিভাইস উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা।

ইটভাটার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। গত শুক্রবার সকালে পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চরপুমদী গ্রামের উৎপল মিয়া ও গোলাপ মিয়া। জানা যায়, কাজ করার সময় হঠাৎ করেই ভাটার কিলিং বা চিমনির পাশের বড় দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই শ্রমিককে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ইটভাটার মালিক সজল মিয়ার মোবাইল ফোন বন্ধ রয়েছে। হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

পীরের ‘বালিশ পূজা’ বন্ধের দাবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে কথিত পীরের আস্তানায় ‘বালিশ পূজা’ ও উরসের নামে অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি মশাখালী বীরখারুয়া গ্রামের স্থানীয় একটি মসজিদের পক্ষে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গ্রামের এক ব্যক্তি বসতবাড়িতে খাট ও কোলবালিশের ওপর লাল কাপড় বিছিয়ে কবরের আকৃতি তৈরি করে রহিম বাবার নামে মাজার বানিয়েছেন। সেখানে নিয়মিত উচ্চশব্দে গান-বাজনা ও আগামী ১২ অক্টোবর উরসের নামে চাঁদা তুলে অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করা হচ্ছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে এতে চরম ােভের সৃষ্টি হয়েছে। শতবর্ষী মসজিদের পাশে এমন কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার শান্তিকামী জনগণ অবিলম্বে এই বেআইনি ও অনৈসলামিক কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।

পূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়
আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বণিক সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের .কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গতকাল শনিবার সকালে গ্র্যান্ড ভেলি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যেন কোনো সুযোগ না পায়, সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন দুর্গাপূজায় বিএনপির প থেকে সার্বিক সহায়তারও আশ্বাস দেন তিনি। জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- হারুনুর রশিদ হারুন, জাবেদ রেজা, রাজেশ্বর দাশ বিপ্লবসহ স্থানীয় নেতারা। বান্দরবান প্রতিনিধি।

ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শুরু
বগুড়ায় মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের মালতিনগর সমাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বেগম মুস্তারী আকতার জাহানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর ইউএনও আব্দুল ওয়াজেদ, সহকারী পরিচালক শফিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হবে।  বগুড়া অফিস।

আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ীতে দূরসম্পর্কের চাচাতো ভাইয়ের ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া মো: সোহাগ মারা গেছেন। গতকাল শনিবার ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ অক্টোবর নদনা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সালাউদ্দিনের বসতঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়লে সোহাগ আগুন নেভাতে ও গ্যাস সিলিন্ডার সরাতে এগিয়ে যান। এ সময় তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সাত দিন পর তিনি মারা যান। সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেেিত ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী অফিস।