
খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে বালুদস্যুদের থাবায় বিপন্ন হচ্ছে পরিবেশ। বাংলা ড্রেজারের থাবায় হুমকিতে পড়ছে কৃষিজমি। উপজেলার দেওপাড়া ইউনিয়নে ভোজদত্ত এলাকার কাইয়াডুরি বিল এবং গুয়াপঁচা বিলে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।
বালুদস্যুদের স্থাপন করা বাংলা ড্রেজারের পাশেই জমিতে আমন ধান পরিচর্যাকারী কয়েকজন কৃষক জানান, এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয় না। তাদের অভিযোগ, প্রশাসন সকালে এসে ড্রেজার বন্ধ করলে আবার বিকেলে চালু হয়। সরেজমিন দেখা যায়, ড্রেজারের চারপাশের জমিতে আমন ধান লাগিয়েছেন কৃষক। মাঝখানে বিল। সেখানে বসানো হয়েছে বাংলা ড্রেজার। বালু উত্তোলনের কাজ চলছে বছরের পর বছর ধরে।
স্থানীয়রা জানায়, বালু উত্তোলনের ফলে ওই জমির আশপাশের জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। আশপাশের ফসলি জমি ভেঙে পড়ছে। অনেক জমির মধ্য বরাবর ফাঁটল দেখা দিয়েছে। ভোজদত্ত গ্রামের কৃষক আ: মজিদ জানান, বিল থেকে বালু উত্তোলনের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে আশপাশের আবাদি জমি। প্রায় দুই বছর ধরে চলছে এ কাজ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসককে জানিয়েও সমাধান হচ্ছে না।
ড্রেজার মালিক আবু সাইদ ও আ: লতিফের মুঠোফোনে অভিযোগ স্বীকার করে বলেন, ‘এভাবে বালু উত্তোলন করা অবৈধ। তবে দেশে কত অনিয়ম হচ্ছে সেটা কেউ দেখে না। আমরা ছোট মানুষ, টুকিটাকি ব্যবসা করি। এ সময় অভিযুক্ত প্রতিবেদককে তার সাথে একান্তে দেখা করার কথা বলেন।
দেওপাড়া ইউপির চেয়ারম্যান রুহুল আমিন হেপলু জানান, কৃষকের ক্ষতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের কঠিন প্রদক্ষেপ নেয়া উচিত। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








