দুই স্বজনের লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

 নয়া দিগন্ত ডেস্ক  

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এক কিশোরী নিহত ও চারজন আহত এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
বগুড়া অফিস জানায়, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বগুড়ায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে অ্যাম্বুলেন্সে তাদের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন।  
গতকাল সকাল ৯টার দিকে বগুড়া সদরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত হোসেন (১৬ )। 
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন জানান, সকালে পাঁচজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল। তারা হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত এবং তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ দিকে নিহত শফিকুল ও আরাফাতের লাশ নিয়ে স্বজনরা বাড়ি ফেরার পথে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সকে রানীরহাট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা: খাদিজা খাতুন (৫২) নিহত হন। তিনি সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। 
মাদারীপুরে কিশোরী নিহত 
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্রা) সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মা-বোনসহ অন্তত চারজন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রায় মা-বোনের সাথে টেকেরহাট বন্দরে যাচ্ছিলেন রাফিয়া। তারা ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরো চার মাহিন্দ্রা যাত্রী। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ। 
শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত 
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো: আমির উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জের পশ্চিম বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ফোর এস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতাবারপুর গ্রামের খাদিম মিয়ার ছেলে। 
পুলিশ জানায়, আমির উদ্দিন নম্বরবিহীন একটি মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অজ্ঞাতনামা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমির উদ্দিন নিহত হন।