
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় স্বামীকে হত্যার দায়ে হোসনেআরা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৬ বছর পর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হোসনে আরা বেগম নগরের কোতোয়ালি থানার লাভলেইন ঝাউতলা এলাকার বাসিন্দা। নিহত হেলাল উদ্দিন তার স্বামী।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ৯ মে দিবাগত রাত ১টার দিকে নগরের এনায়েত বাজারের বাটালী রোড এলাকায় জাফর সওদাগরের কলোনির একটি ভাড়া বাসায় হেলাল উদ্দিন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনেআরা বেগম একটি অস্ত্র দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে হেলাল উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর বাসার বাইরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যান হোসনেআরা বেগম। ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ বাসাটি থেকে হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








