উত্তরার আজমপুরে সড়ক অবরোধ
উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর ও বিমানবন্দর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো সড়কে বিক্ষোভ করছেন তারা।

Advertisement

শ্রমিকদের অবরোধের ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা। যানজটে আটকে থাকা অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক জানান, বুধবার সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যান। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয়।

উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

অন্যদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।